জাপান-সুইডেন ম্যাচ ড্রয়ের পর নকআউটে কাকে পেল ব্রাজিল

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪৯

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচগুলোর পর নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। গ্রুপের রানার্সআপ হওয়ায় জাপানের মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের সেরা ব্রাজিল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জাপান। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে বিরতির আগে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে দায়জেন মায়দা জাপানকে এগিয়ে নেন। তবে ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। বাকি সময়ে দুই দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।

এই ড্রয়ে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠে জাপান। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচে মাঠে নামবে এশিয়ার দলটি।

একই গ্রুপের অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে নেদারল্যান্ডস। কানসাস সিটিতে ম্যাচের তৃতীয় মিনিটে এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রায়ান ববি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাযেম মাস্তুরির গোলে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৬২ মিনিটে ফান হেকের গোলে ৩-১ ব্যবধান নিশ্চিত করে নেদারল্যান্ডস। গ্রুপের একমাত্র দল হিসেবে তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

গ্রুপসেরা হওয়ায় নেদারল্যান্ডস শেষ ষোলোতে খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোর বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় মন্তেরে স্টেডিয়ামে।

জাপানের সঙ্গে ড্র করে গ্রুপে তৃতীয় হয়েছে সুইডেন। তারাও সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ইত্তেফাক/এনএন