বাবার জন্মদিনে অজয়ের বড় ধামাকা

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:০৭

বাবা বলিউডের কিংবদন্তি অ্যাকশন পরিচালক প্রয়াত বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে হাজির হলেন বলিউড সিংহাম অজয় দেবগন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তি দেওয়া হয়েছে তার আগামী হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা ‘চৌহান’-এর শ্বাসরুদ্ধকর টিজার।

অজয় দেবগন তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিজারটি প্রকাশ করেন। টিজারে কাশ্মীরের সংঘাতপূর্ণ প্রেক্ষাপটের ইঙ্গিত দেওয়া হয়েছে। টিজারটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় দর্শকদের মাঝে রীতিমতো শিহরণ পড়ে গেছে।

টিজারে ভিডিওর শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে একটি গম্ভীর কণ্ঠস্বর যা মনে করিয়ে দেয় কাশ্মীরের সেই জ্বলন্ত ও রক্তাক্ত সংঘাতের ইতিহাস। দীর্ঘ ৭৫ বছর ধরে চলে আসা যে সংঘাতের আজও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ঠিক তেমনই এক থমথমে পরিস্থিতিতে পর্দায় এন্ট্রি নেন অজয় দেবগন। আর তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সিনেমার সেই মূল কাঁপন ধরানো পাঞ্চলাইন— ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’

ছবিটির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমরা আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে নিয়ে আসছি বড় পর্দার জন্য। ১ অক্টোবর, ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।’

নির্মাতাদের দাবি, ছবিটি অ্যাকশননির্ভর এবং দেশাত্মবোধক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। দর্শকরা সাক্ষী হতে চলেছেন ‘পাঠান বনাম চৌহান’-এর এক মহাকাব্যিক ও রক্তক্ষয়ী লড়াইয়ের।

ছবির ঘোষণার পাশাপাশি বাবা বীরু দেবগনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও শেয়ার করেন অজয়। ভিডিওতে বীরু দেবগন বলেন, তিনি একসময় অভিনেতা হতে চাইলেও পরে সেই স্বপ্ন থেকে সরে আসেন। তবে ছেলের জন্মের পর থেকেই তার বিশ্বাস ছিল, অজয় একদিন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা হবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করে অজয় আজ বলিউডের শীর্ষ তারকাদের একজন, আর এবার বাবার স্মৃতিতেই পর্দায় ঝড় তুলতে আসছেন ‘চৌহান’ হয়ে।

ইত্তেফাক/এসজেএস