ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে বাংলাদেশের সংহতি রয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানাচ্ছে। তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য শক্তি, সহনশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেছেন।
প্রসঙ্গত, ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ এবং ৭.৫। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেকের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকেই পথেই বা হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।

