রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাতভর ইউক্রেনের পাঠানো ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি এটাই অন্যতম বড় ঘটনা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাজধানী মস্কো, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর, আজভ সাগরসহ এক ডজনেরও বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তিনি দেননি।
মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেচকিনো জেলার একটি বসতি এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক নারী আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের গুরুত্বপূর্ণ আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়।
গত সপ্তাহে ইউক্রেনের এক হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছিল।

