চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিশুদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদ’। টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী ১৩ শিশুকে পুরস্কার হিসেবে সাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক, মসজিদের ইমাম, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এতে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি মোবারক হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, শিক্ষক হাবিবুর রহমান, আবদুল হান্নান, মাওলানা আবু বকর, মাওলানা মজিবুর রহমান, সমাজসেবক আমিন খান মিন্টু, নুরুন্নবী, শাহজালাল খান, সাহিদুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু এবং আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেন। তারা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নিয়মিত জামাতে নামাজ আদায়কারী ১৩ শিশুর হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর