কাঁটাবনে পুড়ে যাওয়া চেম্বারটি ছিল প্রয়াত উপদেষ্টার

আপডেট : ২৭ জুন ২০২৬, ১৮:২১

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আবাসিক ভবনটির ১২ তলায় থাকা আইনজীবীর চেম্বারে আগুন লাগে।

পুলিশ জানিয়েছে, চেম্বারটি ছিল অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের। তার মৃত্যুর পর তার ছেলে ব্যারিস্টার মোয়াজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সেখানে বসতেন।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামের দুজনের মৃত্যু হয়েছে।

আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক এবং জনি ব্যারিস্টার মোয়াজে ক্লার্ক ছিলেন বলে জানিয়েছেন তাদের হাসপাতালে নিয়ে আসা আইনজীবী সরোয়ার।

প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, ভবনটি থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

আইনজীবী সরোয়ার ভেতরে থাকা দুজনই হয়তো বাঁচার জন্য বাথরুমে গিয়েছিলেন। ধোঁয়ায় অক্সিজেনের ঘাটতি হওয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই মো. শাহিন হোসেন। তার ভাষ্য, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

প্রসঙ্গত, এ এফ হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা ছিলেন। গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান তিনি।

ইত্তেফাক/এনএ