জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট : ২৮ জুন ২০২৬, ০০:৫২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির উদ্যোগ এবং আগামী পাঁচ বছরে ২ কোটি গাছ রোপণের মতো একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে দেশ-বিদেশের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির আওতায় ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে মান্দারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়নের কাজ চলছে।

সবুজ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করে ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপাচার্য। এ ছাড়া স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেন।

উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঘাটতির পরিমাণ ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।

অধিবেশনে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন জানান এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় সংগীতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পরে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনেট সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইনে বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ মোট ৭০ জন সিনেট সদস্য অংশ নেন।

ইত্তেফাক/এসএ