ভিএআর বিতর্কের পর ড্রেসিংরুমে ‘ইঙ্গিতপূর্ণ’ চিঠি রেখে গেল ইরান

আপডেট : ২৮ জুন ২০২৬, ১৪:২৭

গ্রুপপর্বের শেষ ম্যাচে ভিএআরে গোল বাতিল হয়ে জয় হাতছাড়া হওয়ার পরও সিয়াটলের লকার রুমে হাতে লেখা একটি চিঠি রেখে গেছে ইরান দল। চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তাদের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপপর্ব শেষ করে ইরান। ম্যাচের শেষ দিকে শোজা খলিলজাদেহের গোল ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে বাতিল হলে সম্ভাব্য জয় থেকে বঞ্চিত হয় তারা। এই ফলাফলে মিশর গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট নিশ্চিত করেছে। একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে শীর্ষে উঠে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

তৃতীয় স্থানে থাকা ইরানের নকআউট সম্ভাবনা এখন অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছে। আলজেরিয়া, ক্রোয়েশিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ম্যাচগুলোর ফল তাদের ভাগ্য নির্ধারণ করবে।

রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দলকে প্রতিটি ম্যাচ শেষে মেক্সিকোর তিজুয়ানায় অবস্থিত ক্যাম্পে ফিরে যেতে হচ্ছে। মিশরের বিপক্ষে ম্যাচ চলাকালীনই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এমন প্রেক্ষাপটে সিয়াটলের লকার রুমে ইরান দল যে চিঠি রেখে যায়, তাতে লেখা ছিল—

‘আমরা ইরান থেকে এসেছি—এমন এক ভূমি থেকে, যা হাজার বছর ধরে বিজয়ের চেয়েও সম্মানকে সবার ওপরে স্থান দিয়েছে। আমাদের কাছে ফুটবল কেবল ফলাফলের প্রতিযোগিতা নয়, এটি চরিত্রের পরীক্ষা। পয়েন্ট নানা উপায়ে অর্জন করা যায়, কিন্তু সম্মান ও শ্রদ্ধা এভাবে পাওয়া যায় না। যে কেউ গ্রুপপর্ব পার হতে পারে, কিন্তু সততা ও সম্মান নিয়েই ইতিহাসের সামনে দাঁড়ানো যায়। ফেয়ার প্লে কেবল নিয়মের অংশ নয়, এটি এই খেলার আত্মা। সিয়াটল, আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিকে, যারা হৃদয় ও কণ্ঠ দিয়ে আমাদের সমর্থন করেছেন। ইরান সবসময় মাথা উঁচু করে থাকবে।’

এর আগে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমেও একই ধরনের একটি বার্তা রেখে গিয়েছিল ইরান দল। 

সেই চিঠিতে তাদের হাজার বছরের প্রাচীন পারস্য সভ্যতার গৌরবময় ইতিহাসের কথা টেনে বলা হয়েছিল, ‘হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান; ইরানের আত্মা চিরকাল জীবিত ও অবিচল। আমরা লস অ্যাঞ্জেলেসে গর্বের সঙ্গে এসেছি, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছি। আতিথেয়তার জন্য লস অ্যাঞ্জেলেসকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ প্রতিটি ইরানিকে, যারা এই ১৮০ মিনিটে ইরানের জন্য নিজেদের কণ্ঠ ও আত্মা সঁপে দিয়েছেন। পৃথিবীর সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা এবং বন্ধুত্ব বজায় থাকুক।’

মাঠের ফলাফল ও মাঠের বাইরের অস্থিরতার মধ্যেও ইরান দলের এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ইত্তেফাক/এনএন