চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৮ জুন ২০২৬, ১৫:৪৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন বানৌজা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)। নিহত ও আহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহত মোহাম্মদ শাহেদ (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহবুব, রাসেল, মাহবুব ও শাহেদ মোটরসাইকেলে চকরিয়ায় দিকে যাচ্ছিল। মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং পেছনে ছিলেন শাহেদ ও রাসেল। তাদের বহনকারী মোটরসাইকেল চকরিয়া-পেকুয়ার বানৌজা সড়কে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এসময় মাহবুব ও রাসেল ও শাহেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব ও রাসেলকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত শাহেদকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে মাহবুব ও রাসেলকে মৃত ঘোষণা করেন। নিহতদের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি