আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে সীমিত সংস্করণের একটি বিশেষ পাসপোর্ট চালু করেছে ট্রাম্প প্রশাসন। দেশপ্রেমিকদের জন্য উৎসর্গীকৃত এই পাসপোর্টে এবার যুক্ত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। নতুন এই পাসপোর্টের নকশায় রয়েছে ট্রাম্পের ছবি, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রতিচ্ছবি এবং তার নিজের স্বাক্ষর। আগামী ৬ জুলাই থেকে শুরু হয়ে যতদিন স্টক থাকবে ততদিন পর্যন্ত মার্কিন নাগরিকরা এটি পাবেন।
শুক্রবার (২৬ জুন) ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, রেজোলিউট ডেস্কের সামনে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছেন তিনি। পেছনে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র এবং নিচে তার স্বাক্ষর।
হোয়াইট হাউসও তাদের এক্স অ্যাকাউন্টে এই পাসপোর্টের ছবি শেয়ার করে এটিকে সরাসরি ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বলে উল্লেখ করেছে। ট্রাম্প নিজে লিখেছেন, নতুন পাসপোর্টে লেখা থাকবে—‘স্বাগতম, তবে ভালো আচরণ করুন!’ তবে যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন, সেখানে এই লাইনটি দেখা যায়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ পাসপোর্ট শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্য। অনলাইন বা ডাকযোগে আবেদন করা যাবে না। আগ্রহীদের ওয়াশিংটন ডিসির পাসপোর্ট এজেন্সিতে সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন করতে হবে।
বর্তমান সাধারণ পাসপোর্টে চাঁদে অবতরণ, স্ট্যাচু অব লিবার্টিসহ আমেরিকার বিভিন্ন ঐতিহাসিক প্রতীকের ছবি থাকে। নতুন এই বিশেষ সংস্করণের পাশাপাশি সাধারণ পাসপোর্টও পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
ট্রাম্পের ছবি যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে।
সূত্র: সিএনএন

