শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকে এখন বিএনপি: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০২৬, ২০:২৮

অতীতে শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন নিজেদের বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনার যা খুশি করেন সমস্যা নেই, কিন্তু শিক্ষার মান উন্নয়নে কাজটা চাই।

রোববার (২৮ জুন) সকালে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষার মান উন্নয়নে সরকার দায়বদ্ধ।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অতীতে কে কোন রাজনৈতিক স্লোগান দিয়েছেন, তা নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই; তবে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমি জানি গত ১৭ বছর শিক্ষা বোর্ডে কারা "জয় বাংলা" স্লোগান দিয়েছেন। সেই তথ্য ও ছবি আমার কাছে রয়েছে। তারা এখন নতুন করে বিএনপির পরিচয় দিচ্ছেন। কে কী পরিচয় দেবেন, সেটা তাদের বিষয়। কিন্তু বোর্ডের পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন ও তদারকির কাজ যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও জনবল সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

প্রশ্নপত্র ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বরদাশত করা হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী।

ইত্তেফাক/এমএএম