‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে, ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েছে জাপান। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, শেষ ৩২-এ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় দল জাপান। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শক্তির বিচারে জাপানের চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল। বর্তমান ফিফা র্যাংকিংয়ে সেলেসাওদের অবস্থান ৬ নম্বরে, যেখানে জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষেই কথা বলছে।
অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৮ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪.৩ শতাংশ।
সুপার কম্পিউটার ব্রাজিলকে এগিয়ে রেখেছে। কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।
কাগজে-কলমে এগিয়ে থাকলেও ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ হবে না। কেননা শেষে দেখা জাপানের কাছে হারের তেঁতো স্বাদ পেয়েছিল সেলেসাওরা।
২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ স্কোয়াডে থাকায় ব্রাজিলের জন্য এই লড়াই সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

