৭১ এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল

আপডেট : ২৯ জুন ২০২৬, ০০:৪৯

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় জামায়াতের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নবীন রাজনৈতিক দল এনসিপিকে অতীতের কোনো ‘স্টিগমা’ বা কলঙ্ক বহন না করে আরও স্পষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিরোধী দলের সদস্যদের উদ্দেশে জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য তারা আজও জাতির সামনে ক্ষমা চাননি। তার ভাষায়, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। বরং সে সময় দলের নেতা অধ্যাপক গোলাম আজম বলেছিলেন, ‘৭১-এ আমরা ভুল করিনি।’

মির্জা ফখরুল বলেন, এখনো সময় রয়েছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার। বাংলাদেশ সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল স্বীকার করলে তাদের জন্য রাজনীতি আরও সহজ হবে।

এ সময় নবীন রাজনৈতিক দল এনসিপির সংসদীয় কার্যক্রমেরও প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, তরুণ সদস্যরা সংসদে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, যা তাকে আনন্দিত করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, দলটি ভবিষ্যতে আরও সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে এবং বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকারকারী কোনো অতীতের ‘স্টিগমা’ বা কলঙ্ক যেন তাদের বহন করতে না হয়। এনসিপির ভবিষ্যৎ সফলতাও কামনা করেন তিনি।

বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি ভিত্তিকে সামনে রেখে বাজেট প্রণয়ন করেছেন। সরকারের লক্ষ্য আগামী এক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করা, তিন বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত রূপান্তর সম্পন্ন করা।

ইত্তেফাক/এসএ