চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সকাল শুরু হয় শোকের আবহে। বড় ভাইয়ের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু দাফনের কয়েক ঘণ্টা পরই ছোট ভাইয়ের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে আসে পরিবারে। অল্প সময়ের ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারটি চরমভাবে ভেঙে পড়েছে।
রোববার (২৮ জুন) হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী শাহিন ভোরে মারা যান। জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনেরা তখনও বড় ভাইকে হারানোর শোক সামলে উঠতে পারেননি। এরই মধ্যে রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তার ছোট ভাই আলমগীর হোসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন সবার বড় এবং আলমগীর ছিলেন মেঝো। তারা মা, এক বোন, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। তাদের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, ‘একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

