ব্রাজিলের ম্যাচের আগে কুষ্টিয়ায় বাদ্য বাজিয়ে জাপান সমর্থকদের উল্লাস

আপডেট : ২৯ জুন ২০২৬, ১৭:৩৩

ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। পছন্দের দলকে নিয়ে ভালোবাসার জানান দিতে সমর্থকদের ছাদে কিংবা বাড়িতে টাঙানো হয়েছে প্রিয়দলের পতাকা। এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছে জাপানের সমর্থকরা।

শুধু তাই নয়, ব্রাজিলের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে বসানো হচ্ছে প্রজেক্টর। পাশাপাশি শোভযাত্রায় রিকশা-ট্রাক নিয়ে শহর ঘুরতে দেখা গেছে সমর্থকদের।

আয়োজকরা জানান, মূলত সোমবার (২৯ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল ও জাপানের ম্যাচটি ঘিরে এসব আয়োজন করা হয়েছে। এদিন সকালে সমর্থকদের উদ্যোগে কুষ্টিয়া শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কোর্টপাড়াস্থ গোশালা মোড় থেকে ব্যান্ড পার্টির বাদ্য যন্ত্রের বাজনার তালে তালে শোভাযাত্রাটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও জাপানি ফুটবল দলের জার্সি পরে উল্লাস করতে দেখা গেছে সমর্থকদের। এই অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করছেন কুষ্টিয়া শহরের সুপরিচিত চিকিৎসক অধ্যাপক ডা. এসএম মুস্তানজিদ।

তিনি বলেন, আমি জাপান টিমের দারুণ ভক্ত ও একনিষ্ঠ সমর্থক। ঐতিহাসিকভাবে জাপান বাংলাদের অকৃত্রিম ঘনিষ্ঠ বন্ধু। এ দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের অবদান অনেক বেশি। যদিও খেলার সঙ্গে এটি খুব বেশি সম্পর্কিত নয়। তবুও আমি জাপানি টিমের একনিষ্ঠ সমর্থক ও জাপানকে ভালোবাসি।

তিনি আরও জানান, ব্রাজিল-জাপানের ম্যাচটি ঘিরে আজকের আয়োজন করা হয়েছে। রাতে প্রজেক্টরে ম্যাচটি একসঙ্গে সবাই উপভোগ করবো। তিনি বিশ্বকাপে জাপান টিমের ধারাবাহিক সাফল্য কামনা করেন।           

ইত্তেফাক/এপি