কাতারে মার্কিন টেকনিক্যাল টিমের সঙ্গে চলতি সপ্তাহে কোনো বৈঠক হচ্ছে না ইরানের। সোমবার (২৯ জুন) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, আপাতত তাদের এমন কোনো পরিকল্পনা নেই।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের সঙ্গে চলমান আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং সে প্রক্রিয়া যথারীতি এগোচ্ছে। তবে কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ধরনের খবর এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।
ঘারিবাবাদি আরও বলেন, যখন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হবে এবং তারিখ-স্থান নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে, তখনই নির্ধারিত ওয়ার্কিং গ্রুপের কাঠামোয় কারিগরি আলোচনার প্রথম পর্ব শুরু হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চলছে।
এর আগে আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় মার্কিন-ইরান আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এখন স্পষ্ট করা হলো যে, এমন কোনো সরাসরি বৈঠকের প্রস্তুতি তাদের নেই।
সূত্র: আনাদোলু এজেন্সি

