ইরানের অনুরোধে কাতারে আলোচনায় বসার ঘোষণা ট্রাম্পের, অস্বীকার তেহরানের

আপডেট : ২৯ জুন ২০২৬, ২০:৫৭

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিল ইরান, যা দুই দেশের বক্তব্যে নতুন ধোঁয়াশা তৈরি করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধেই কাতারের রাজধানী দোহায় আগামী মঙ্গলবার (৩০ জুন) দুই পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।’

ট্রাম্পের এ বক্তব্যের আগে অবশ্য সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল টিমের’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

এ কারণে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। একদিকে ট্রাম্প বৈঠককে নিশ্চিত বলে দাবি করছেন, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।

দুই দেশের পরস্পরবিরোধী অবস্থানের ফলে দোহায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

 

ইত্তেফাক/এসএ