নাটোরে আদালত ভবনে ঢুকে আইনজীবীর ওপর হামলা 

আপডেট : ২৯ জুন ২০২৬, ২০:৫৭

নাটোরে আদালত ভবনে ঢুকে আসাদুল ইসলাম আসাদ নামের এক আইনজীবীকে পিটিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলাম আসাদের শেরেস্তায় ঘটে এ ঘটনা।

আহত আসাদুল ইসলাম আসাদ নাটোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেরেস্তায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় একটি জমি নিয়ে কাবিল উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল আইনজীবী আসাদুল ইসলাম আসাদের। বিরোধপূর্ণ জমিটির নিষেধাজ্ঞার আবেদন করেন আইনজীবী আসাদুল ইসলাম। আদালত আবেদনটি মঞ্জুর করলে ক্ষিপ্ত হন কাবিল উদ্দিন। পরে সোমবার দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলামের সেরেস্তায় এসে বাকবিতণ্ডায় জড়ান কাবিল উদ্দিন।

একপর্যায়ে আইনজীবী আসাদুল ইসলামকে লাঠি দিয়ে মারপিট করেন। এ সময় অন্য আইনজীবী ও সহকারীরা তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।

আহত আসাদুল ইসলাম বলেন, হামলাকারী কাবিল আমাকে হত্যার প্রস্তুতি নিতেই আদালতে এসেছেন। তার ঝুলিতে হাতুড়িসহ আরও অস্ত্র ছিল। আইনজীবীরা আমাকে রক্ষা করে হাসপাতালে এনেছেন।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাব্বানী বলেন, আদালত ভবনে একজন সিনিয়র আইনজীবীকে পেটানোর ঘটনা আমাদের হতবাক করেছে। এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

নাটোর থানার ওসি মুনসুর রহমান বলেন, ঘটনার পর হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

ইত্তেফাক/এপি