জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৬, ২০:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মোসলেহ উদ্দিন ওরফে জনি (২৩)। 

গ্রেপ্তার মোসলেহ উদ্দিন উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং মো. মোস্তফার ছেলে। সোমবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তার মোসলেহ উদ্দিন তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। বিষয়টি স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতা ও স্থানীয় লোকজন মোসলেহকে নিজ বাড়ির সামনে থেকে আটক করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের মোহাম্মদ রাসেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দাগনভূঞা থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 
ইত্তেফাক/এমএস