কখন পোস্ট করলে ভিউ বাড়ে?

আপডেট : ৩০ জুন ২০২৬, ২১:১০

ভালো কনটেন্ট তৈরি করলেই যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ভিউ বা রিচ পাওয়া যাবে, বিষয়টি এখন আর তেমন নয়। ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, পোস্ট করার সময়, দর্শকদের অনলাইন উপস্থিতি, অ্যালগরিদমের কার্যপ্রণালি এবং ব্যবহারকারীদের সঙ্গে সক্রিয় যোগাযোগ—সব মিলিয়েই একটি কনটেন্টের সাফল্য নির্ধারিত হয়।

বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক দশকের মধ্যে প্রতি তিনজনের একজন পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন। ফলে ভাইরাল হওয়ার প্রতিযোগিতাও বাড়বে। একই ধরনের কনটেন্ট একজনের লাখো মানুষের কাছে পৌঁছালেও আরেকজনের পোস্টে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ার অন্যতম কারণ হতে পারে পোস্ট করার সময় এবং অডিয়েন্সের আচরণ।

কোন সময়ে পোস্ট করলে ভালো ফল পাওয়া যায়?
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, সপ্তাহের মাঝামাঝি—বিশেষ করে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ব্যবহারকারীদের সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে। বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে অধিকাংশ ব্যবহারকারী অনলাইনে থাকেন, যা সাধারণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘প্রাইম টাইম’ হিসেবে বিবেচিত হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কোনো সময় সবার জন্য সমান কার্যকর নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অনুসারীরা কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তা নিয়মিত অ্যানালাইটিকস বা ইনসাইটসের মাধ্যমে পর্যবেক্ষণ করা।

শুধু সময় নয়, কনটেন্টের মানও গুরুত্বপূর্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এখন শুধু লাইক নয় বরং ভিডিও কতক্ষণ দেখা হচ্ছে, কতজন শেয়ার বা সেভ করছেন এবং মন্তব্য করছেন এসব বিষয়কে বেশি গুরুত্ব দেয়।

বিশেষজ্ঞদের মতে, যেসব কনটেন্ট সাধারণত ভালো পারফর্ম করে, সেগুলোর মধ্যে রয়েছে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ভিডিও, বাস্তব জীবনের গল্পভিত্তিক স্টোরিটেলিং, ‘কীভাবে করবেন’ ধরনের তথ্যসমৃদ্ধ কনটেন্ট, চলমান ট্রেন্ডভিত্তিক পোস্ট এবং দর্শকের অংশগ্রহণ বাড়ায় এমন প্রশ্ন বা আলোচনামূলক কনটেন্ট।

ভাইরাল হওয়ার কোনো নিশ্চয়তা নেই
ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময়ে পোস্ট করলেই ভাইরাল হওয়া নিশ্চিত নয়। বর্তমানে অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ ও আচরণের ভিত্তিতে কনটেন্ট প্রদর্শন করে। তাই দীর্ঘমেয়াদে সফল হতে হলে মানসম্মত, মৌলিক এবং দর্শকের জন্য উপকারী কনটেন্ট তৈরির বিকল্প নেই।

প্ল্যাটফর্মভেদে সেরা সময়

ফেসবুক: বুধবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পোস্ট করলে তুলনামূলক ভালো রিচ পাওয়া যায়। বিশেষ করে মধ্যসকালের সময়ে (সকালের নাশতা সেরে চা খেতে খেতে অনেকেই ফেসবুকে ঢুঁ মারেন) সাধারণ কনটেন্টের এনগেজমেন্ট বেশি দেখা যায়।

ইনস্টাগ্রাম: মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পোস্ট কার্যকর। রিলস ও স্টোরিজের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ভালো সময় হিসেবে বিবেচিত হয়।

টিকটক: মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা অথবা সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে পোস্ট করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি।

লিংকডইন: মঙ্গলবার ও বুধবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে পেশাজীবীরা বেশি সক্রিয় থাকেন।

কেন সময় গুরুত্বপূর্ণ?
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম পোস্ট প্রকাশের পর কত দ্রুত লাইক, মন্তব্য, শেয়ার ও অন্যান্য প্রতিক্রিয়া আসে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ফলে অনুসারীরা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তখন পোস্ট করলে শুরুতেই বেশি এনগেজমেন্ট পাওয়া যায় এবং কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।

নিজের জন্য সেরা সময় নির্ধারণ করবেন যেভাবে
বিশেষজ্ঞদের পরামর্শ, গবেষণার তথ্যকে সাধারণ নির্দেশনা হিসেবে ব্যবহার করলেও সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের পেজ বা অ্যাকাউন্টের ইনসাইটস বিশ্লেষণ করা। এতে অনুসারীরা কোন সময় সবচেয়ে বেশি অনলাইনে থাকেন, তা জানা যায়। আর আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করে কনটেন্ট প্রকাশ করলে ‘হুটস্যুইট’সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট প্রকাশ করা যেতে পারে।

সূত্র: স্প্রাউট সোশ্যাল ও রাডার

ইত্তেফাক/এসজেএস