বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর অবসরের ঘোষণা ন্যয়ারের

আপডেট : ৩০ জুন ২০২৬, ২৩:০৬

অবিশ্বাস্য এক ধাক্কায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। শেষ ৩২- এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার।

এর আগেও ইউরো ২০২৪ এর পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৪০ বছর বয়সী ন্যয়ার। তবে চলতি বিশ্বকাপকে সামনে রেখে কোচ জুলিয়ান নাগেলসমানের অনুরোধে সিদ্ধান্ত বদলে আবারও জার্মান দলে ফিরেছিলেন তিনি। 

বিশ্বকাপ শুরুর আগেই ন্যয়ার জানিয়ে রেখেছিলেন, এই আসরই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত প্যারাগুয়ের কাছে বিদায়ের মধ্য দিয়েই শেষ হলো তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

আন্তর্জাতিক ফুটবলে ন্যয়ারের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। আধুনিক ফুটবলে ‘সুইপার-কিপার’ ধারণাকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বও অনেকটাই তার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ২৩তম ম্যাচ, যা জার্মানির ইতিহাসে সর্বোচ্চ।

ইত্তেফাক/জেডএইচ