কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও গোল পাচ্ছিলো না ফ্রান্স। তবে প্রথমার্ধে ঠিকই গোল আদায় করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এমবাপ্পের গোলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ফরাসিরা।
সুইডেনের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।
অবশেষে ৪৫ মিনিটেই গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তাঁর পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল।

