বাংলাদেশে নিযুক্ত মার্কিন কনস্যুল জেনারেল

'যুক্তরাষ্ট্রের সেমিফাইনালে খেলার সামর্থ্য আছে, বিশ্বকাপ জিততেও দেখব'

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৫১

নিজেদের ফুটবল সংস্কৃতির দ্রুত বিকাশের কথা তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল অ্যালবার্ট আর সেয়া বলেছেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অন্তত কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও খেলার সামর্থ্য রাখে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তার জীবদ্দশাতেই যুক্তরাষ্ট্র একদিন ফুটবল বিশ্বকাপ জিতবে।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল অ্যালবার্ট আর সেয়া বলেন, বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তবে স্বাগতিক হওয়ায় এবারের আসরে দলটির ওপর প্রত্যাশার চাপও বেশি।

তিনি বলেন, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সময় কেবল টুর্নামেন্টে অংশ নেওয়াই ছিল বড় অর্জন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত হয়েছে এবং খেলাটির জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অ্যালবার্ট আর সেয়া জানান, এটি তার প্রথম বিশ্বকাপ নয়। তিনি এর আগে পুরুষদের পাঁচটি ও নারীদের একটি বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে ফুটবলের উত্থান এবং সমর্থকদের ব্যাপক আগ্রহ নিজ চোখে দেখা ছিল দারুণ অভিজ্ঞতা।

তিনি বলেন, আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও তার বিশ্বাস, দল অন্তত শেষ আটে খেলবে এবং সেমিফাইনালে ওঠার সামর্থ্যও রাখে। শক্তিশালী সমর্থন, কার্যকর কৌশল এবং কিছুটা ভাগ্য সহায় হলে যেকোনো দলই ইতিহাস গড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন কনস্যুল জেনারেল আরও বলেন, তার দৃঢ় বিশ্বাস, জীবদ্দশাতেই তিনি যুক্তরাষ্ট্রকে ফুটবল বিশ্বকাপ জিততে দেখবেন।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্টের পরিচালক স্কট হার্টম্যানও বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে ফুটবল খেলার সময় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো প্রায় আধা ঘণ্টা তাদের সঙ্গে খেলেছিলেন। সেই স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে রয়েছে।

বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশীদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সকে এগিয়ে রাখেন স্কট হার্টম্যান। তবে তার মতে, যুক্তরাষ্ট্র যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, সেটিও দলের জন্য অসাধারণ সাফল্য হবে।

দুই মার্কিন কূটনীতিকই মনে করেন, বিশ্ব ফুটবলে যুক্তরাষ্ট্রের নারী দল ইতোমধ্যে পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর পুরুষ দলও ধীরে ধীরে একই পথে এগিয়ে যাচ্ছে।

 
ইত্তেফাক/এসএ