জানালার গ্রিল কেটে জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮:০১

জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিচারক দম্পতি আহমাদুল কবির সাকিল ও নুসরাত জেরিন জেনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত আছেন। তারা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আহমাদুল কবির সাকিল। এ সময় বাসায় কেউ ছিলেন না। সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে একটি হীরার আংটি, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, ‘তিনতলা ভবনটিতে পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে।’

এসব বিষয়ে জামালপুর পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর এই ঘটনায় নাজির সাহেব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

ইত্তেফাক/এপি