জামালপুরে বারবার সমন জারি করা সত্ত্বেও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় এক চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাজা পরোয়ানার ইস্যুর আদেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। আদালত গত সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।
সর্বশেষ বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান।
মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন কারাগারে আছেন এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

