চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কিমের ‘অটল ইচ্ছা’

আপডেট : ০১ জুলাই ২০২৬, ২১:৫০

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার দৃঢ় প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন।

বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কিম এসব কথা বলেন।

বার্তায় কিম জং উন বলেন, দীর্ঘ ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিপিআরকে-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া তাদের দল ও সরকারের অটল নীতি।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের মধ্যে কমরেডসুলভ বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাকে আরও গভীর করেছে। এই বৈঠককে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত ৮ ও ৯ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন। প্রায় সাত বছর পর এটি ছিল উত্তর কোরিয়ায় তার প্রথম সফর।

সফরকালে দুই নেতা দুই দেশের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক’ আরও জোরদার করতে দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শি জিনপিং সফরে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

 
ইত্তেফাক