রাজশাহীতে যুবদল নেতার চেম্বারে চোর সন্দেহে চার যুবককে ধরে নির্যাতন এবং মাথার চুল কেটে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিমানচত্বর এলাকার একটি চেম্বারে এই লোমহর্ষক ঘটনা ঘটে। পরে নির্যাতিতদের নগরীর শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানচত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাদের ব্যাপক নির্যাতন করেন এবং মাথার চুল কেটে দেন। ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।
এ বিষয়ে কথা বলতে শাকিলুর রহমান রনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. বেলাল বলেন, যাদের মারধর করা হয়েছে, তারা এলাকায় চোর হিসেবে পরিচিত। তবে তাদেরকে এভাবে মারধর ও চুল কেটে দেওয়া ঠিক হয়নি।
নগরীর শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা চারজনকে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

