যুক্তরাষ্ট্রে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গ্রেপ্তার রুশ যুগল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৪:৪১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ববিখ্যাত আকাশচুম্বী ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে চরম ঝুঁকিপূর্ণভাবে বিয়ের প্রস্তাব এবং একটি ভালোবাসার ব্যানার প্রদর্শনের অপরাধে  দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১ জুলাই) ভবনের সর্বোচ্চ চূড়ায় উঠে তারা এই দুঃসাহসিক কাণ্ড ঘটান। 

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে যে গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বীরকুস এবং অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা মূলত ‘রুফটপিং’ নামের একটি অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক নগর ক্রীড়ার সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: এ লাভ স্টোরি’-তে এই জুটির রোমাঞ্চকর জীবনের গল্প তুলে ধরা হয়েছিল। 

আমেরিকার একটি সংবাদপত্রের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৪৩ মিটার বা এক হাজার ৪৫৪ ফুট উঁচুতে ওই ভবনের প্রধান অ্যান্টেনার ওপর কালো পোশাক পরিহিত এই জুটি একে অপরকে চুম্বন করছেন।

এই বিপজ্জনক অবস্থানের মধ্যেই তারা অ্যান্টেনার ওপর থেকে একটি বিশেষ ব্যানার ঝুলিয়ে দেন, যেখানে লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে পরাস্ত করবে, তখন পৃথিবী শান্তি দেখবে’। 

এই ১০২ তলা ভবনের সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত এলাকার অনেক ওপরে অবস্থিত ওই মূল মিডিয়া অ্যান্টেনার ওপর তারা কীভাবে প্রবেশ করলেন, তা এখনো স্পষ্ট নয়। পরে পুলিশের বডি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক কর্মকর্তা মই বেয়ে ওপরে উঠে অত্যন্ত স্বাভাবিকভাবে তাদের বলেন, ‘আপনারা এখানে থাকতে পারেন না’ এবং নিচে নামিয়ে এনে তাদের আটক করেন।

এই রোমাঞ্চকর কাণ্ডের বিষয়ে অ্যাঞ্জেলার বাবা এবং রাশিয়ার একজন সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ রয়টার্সকে জানিয়েছেন যে মেয়ের এই পরিকল্পনা সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। তিনি এই স্টান্টকে সমর্থন করে বলেন, ‘আমি মনে করি যেকোনো দেশের সংবিধান অনুযায়ী যেকোনো ভবনের ছাদে ওঠা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, যার মধ্যে আমেরিকাও অন্তর্ভুক্ত’। 

এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের একজন মুখপাত্র এই ঘটনাকে একটি সম্পূর্ণ ‘অননুমোদিত ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি রসিকতা করে বলেন যে এনগেজমেন্ট বা বাগদান উদযাপনের জন্য এই জুটির উচিত ছিল বেআইনিভাবে চূড়ায় না উঠে ভবনের নির্ধারিত এক হাজার ডলার মূল্যের অফিশিয়াল প্রপোজাল প্যাকেজটি কেনা।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ