পদ্মা রেল সেতুর ভায়াডাক্ট রক্ষার্থেই মাটি কাটা হয়েছে: শেখ রবিউল আলম

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬:২৮

নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনায় ছড়িয়ে পড়া উদ্বেগকে গুজব বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনে হয়েছে। এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে।’

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘ভায়াডাক্ট নির্মাণ করার সময় এখানে জলাধার ছিল। ভায়াডাক্ট নির্মাণ কাজের মালামাল আনা নেওয়ার সুবিধার্থে এই জলাধার অস্থায়ীভাবে ভরাট করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর এই অস্থায়ী মাটি আবারও সরিয়ে নেওয়া হয়। এটা প্রকল্পেরই অংশ। এর ফলে ভায়াডাক্ট হুমকিতে নয়, বরং ভায়াডাক্ট রক্ষার্থেই করা হচ্ছে। কারণ এর ফলে প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে। ভায়াডাক্টের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে।’

মন্ত্রী জানান, ইতোমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই। বরং প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এ কাজ প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’

ইত্তেফাক/আরএইচ