শাহরুখের নতুন মাইলফলক

স্বপ্নপূরণে এবার নির্মাণ করলেন আস্ত ক্রিকেট স্টেডিয়াম

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮:০৯

সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ, শাহরুখ খান যেন সবখানেই কিং। বলিউড এই সুপারস্টারের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ ক্রিকেট বিশ্বে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার মাধ্যমে ইতিহাস গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শাহরুখ খান বলেন, ‘যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে থাকবে কমিউনিটি, আনন্দ, বিনোদন ও একসঙ্গে থাকার অনুভূতি।’

শাহরুখ আরও বলেন, ‘এটি শুধু ক্রিকেট খেলার মাঠ নয়। পরিবার-বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর একটি জায়গা। আমরা চাই, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলুক।’

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে আটটি ম্যাচ উইকেট, আইসিসি অনুমোদিত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর বলেন, ‘এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।’

উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ তারকা মেটা ওয়ার্ল্ড পিস। তার উপস্থিতিকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।

 
ইত্তেফাক/এসজেএস