বিয়ে বাড়িতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৯:২১

রংপুরের গঙ্গাচড়ায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত নাতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের নির্মল চন্দ্র রায় (৭৫) ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাই গ্রামের পল্লী চিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫) তার বাবা নির্মল চন্দ্র রায় (৭৫) ও নাতি বন্ধন চন্দ্র রায়কে (৫) নিয়ে মোটরসাইকেলে করে বিয়ে বাড়ি তুলশীরহাটের উদ্দেশ্যে রওনা হন। তারা মন্থনা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় নিহত হন। আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র ও ছেলে বন্ধন চন্দ্র রায়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই নির্মল চন্দ্রের মৃত্যু হয়।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি