চাঁদপুর

পুকুর থেকে ২ মাস ধরে বের হচ্ছে গ্যাসের বুদবুদ, জনমনে আতঙ্ক

আপডেট : ০২ জুলাই ২০২৬, ২১:১৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাসের পাইপ লিকেজ হয়ে বের হচ্ছে গ্যাস। প্রায় দুমাস ধরে ঘটনাস্থলে গ্যাসের বুদবুদ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে  গিয়ে দেখা যায়, বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে মতলব পৌরসভার নবকলস এলাকায় আবাসিক লাইনের গ্যাস বুদবুদ করে বের হচ্ছে। গ্যাস পাইপটি কিছু অংশ পানির উপর, কিছু অংশ পানির নিচে রয়েছে। পানির নিচের অংশে থাকা লাইনে লিকেজ হয়েই পুকুর থেকে বুদবুদ সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গ্যাস বের হচ্ছে। অথচ এর পাশ দিয়ে পাশ দিয়ে শত শত মানুষ চলাচল করে। এর কয়েক গজ ভেতরেই মতলব সরকারি কলেজ। এলাকাটিও জনবসতিপূর্ণ।

মো. হারুন মিয়া নামের নবকলস গ্রামের এক বাসিন্দা বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির উপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটা ওই জায়গা দিয়ে গ্যাস বের হচ্ছে। সারাক্ষণ বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করতে হবে। না হয় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক(বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি জানতাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।

ইত্তেফাক/এপি