কোচিং স্টাফ না বদলালে জাতীয় দলে আর খেলবেন না সেনেগাল তারকা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:০৭

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের কাছে নাটকীয় ও বিতর্কিত হারে বিদায় নিয়েছে সেনেগাল। বিদায়ের কয়েক ঘণ্টার মাথায় সেনেগাল শিবিরে দেখা দিয়েছে অশান্তির আগুন। বর্তমান কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি বা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার পাপে গেয়ে।

ভিয়ারিয়ালের হয়ে খেলা ২৭ বছর বয়সী গেয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচ পাপে থিয়াও এবং তার স্টাফরা দায়িত্বে থাকলে তিনি আর কখনও সেনেগালের জার্সিতে মাঠে নামবেন না।

বেলজিয়ামের বিপক্ষে হাবিব দিয়ারা এবং ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। কিন্তু শেষ মুহূর্তে রোমেলু লুকাকু এবং ইউরি তিয়েলেমান্সের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় বেলজিয়াম। 

এরপর ১২৫ মিনিটে রেফারি বেলজিয়ামের পক্ষে এক বিতর্কিত পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে তিয়েলেমান্স গোল করলে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হয় সেনেগালের। ম্যাচের ৬৬ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া পাপে গেয়ে দলের এই কৌশলগত ব্যর্থতা এবং বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি।

দেশের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন পাপে গেয়ে। চলতি বিশ্বকাপে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে জোড়া গোলও করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘বিশ্বকাপ থেকে এই বিদায় নিয়ে আমি পরে বিস্তারিত কথা বলবো... তবে আজ আমি ঘোষণা করছি যে, যতক্ষণ পর্যন্ত বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকবে, ততক্ষণ আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ইত্তেফাক/জেডএইচ