বলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’ বরাবরের মতোই এবারও আলোচনায়। চলতি মৌসুমে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। তবে আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে আবারও পুরোনো রূপে ফিরছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। ওই পর্বে এক প্রতিযোগীর মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাকে।
‘লক আপ’ এর প্রথম মৌসুমে সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার তিনি ফিরছেন ‘দর্শকের কণ্ঠ’ হিসেবে। সপ্তাহজুড়ে প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন ও বিশ্লেষণের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত এক প্রোমোতে দেখা যায়, নিজস্ব কড়া ভঙ্গিতে প্রতিযোগী অভিনেতা রামকে একের পর এক তীক্ষ্ণ মন্তব্যে জবাবদিহির মুখে ফেলছেন তিনি।
চলতি সিজনে রামের পারফরম্যান্স ও আচরণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠছিল। এবার সরাসরি রামের পারফরম্যান্স এবং তার মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা। কড়া সমালোচনা করে রামের কাছে জানতে চান, ঠিক কী কারণে তিনি এই শো-তে অংশ নিয়েছেন।
সরাসরি আক্রমণ করে কঙ্গনা বলেন, ‘রাম যদি মন দিয়ে খেলাটা না খেলেন, আর যদি মনে হয় এই শো তার জন্য নয়, তা হলে এখানে এসেছেন কেন? আপনি কি নিজেকে বড্ড বড় ভেবে ফেলেছেন?’
কঙ্গনার এমন ক্ষুরধার প্রশ্নের মুখে চুপ থাকেননি রামও। পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, ‘সঠিক সময়ে আমিও আমার সত্যিটা সবার সামনে প্রকাশ করব। এখানে উপস্থিত অনেকের থেকে সেটা আমি অনেক ভালভাবে করতে পারি।’
তবে রামকে নিজের বক্তব্য শেষ করার সুযোগই দেননি কঙ্গনা। মাঝপথে তাকে থামিয়ে দিয়ে ঝাঁজালো গলায় বলেন, ‘যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে এভাবে নিজের হয়ে সাফাই দেবেন না।’

