গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান।
পরীক্ষার্থী মারুফা আক্তার জানান, কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৯০ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষকদের জানানো হলে তারা বলেন, ‘সমস্যা নেই, পরীক্ষা দিতে থাকো।’ পরে পরীক্ষা শেষে অন্য কক্ষের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখার পর ভুলটি ধরা পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দেয়।
একাধিক পরীক্ষার্থী ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
কেন্দ্র সচিব ও ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম বলেন, বিষয়টি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই তাদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পরই কেন্দ্র সচিবের সঙ্গে কথা হয়েছে। কোনো পরীক্ষার্থীর যাতে ক্ষতি না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

