চুয়াডাঙ্গায় এক রাতেই মাঠ থেকে চুরি ৪ ট্রান্সফরমার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠ থেকে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। 

চুরি হওয়া ট্রান্সফরমারগুলো কৃষিজমিতে সেচকাজে ব্যবহৃত হতো। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

যাদবপুর গ্রামের কৃষক আবু জাফর জানান, তার সেচ স্কিমের আওতাধীন তিনটি এবং পাশের কয়া গ্রামের আনার আলীর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমার কৃষিজমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হতো।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার সকালে মাঠে গিয়ে তারা সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো চুরি হয়েছে দেখতে পান। একসঙ্গে চারটি ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষিজমিতে সেচ দেওয়া নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষকরা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া ট্রান্সফরমারগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনাটি উদ্বেগজনক। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি