মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি অটোভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচি ও তার ৯ বছর বয়সী ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিমি আক্তার এবং তার ৯ বছর বয়সী ভাতিজি আয়সা আক্তার। তারা পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহত চালককে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তার নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রিমি আক্তার ও আয়সা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোভ্যানচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় অটোভ্যান ও কাভার্ডভ্যান—দুটি যানবাহনই দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে বেপরোয়া গতিকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
শিবচর থানার ওসি মো.কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর