রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের ধারে মানুষের মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক খুলি ও কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তিকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও বডির কয়েক অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে কিছু কাপড় উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

