এক মাসে ৭৫ চালকের লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কাটলো বিআরটিএ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৯:৫৯

সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আওতায় গত জুন মাসে ৭৫ জন চালকের লাইসেন্স থেকে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পয়েন্ট কর্তনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুন মাসে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮টি দোষসূচক পয়েন্ট কর্তন করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এর আগে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকর করতে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান আইন ও বিধিমালা মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারার অধীনে প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। কোনো চালক আইন ভঙ্গ করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন বা অন্যান্য সড়ক-সংক্রান্ত অপরাধের জন্য চালকদের পয়েন্ট কর্তন করা হচ্ছে। দুর্ঘটনা ও আইন লঙ্ঘনের ঘটনা কমাতে সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

 

ইত্তেফাক/এমএএম