ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার উদীয়মান দল কেপভার্দে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। আর এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে এক ব্যতিক্রমী ও মজার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন।
নিজের ফেসবুক হ্যান্ডেলে রসাত্মক এক পোস্টে তিনি লিখেছেন, "বাইরে ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়ালেও ভেতরে ভেতরে আমি আসলে কেপভার্দের সাপোর্টার। গোলকিপার ভোজিনহা তো আমার কলিজার ভাই-ব্রাদার।"
এর পরেই তিনি সেই বহুচর্চিত ঘোষণাটি দেন। ডা. বাঁধন লেখেন, "আজ রাতে কেপভার্দে যদি আর্জেন্টিনার জালে অন্তত একটি গোলও দিতে পারে, তাহলে আগামী এক বছর আমার চেম্বারে বিনামূল্যে রোগী দেখব। তবে একটি শর্ত আছে—রোগীকে কেপভার্দের জার্সি পরে আসতে হবে।"
চুলচেরা বিশ্লেষণের এই ফুটবল মৌসুমে চিকিৎসকের এমন ব্যতিক্রমী ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই বিষয়টিকে ফুটবল উন্মাদনার এক চমৎকার ও নির্ভেজাল আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার পীরগাছার অনেক স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমী মজার ছলে কমেন্ট বক্সে জানিয়েছেন, তারা ইতিমধ্যেই কেপভার্দের জার্সি সংগ্রহের প্রস্তুতি শুরু করে দিয়েছেন!
খোঁজ নিয়ে জানা গেছে, ডা. মাহফুজার রহমান বাঁধন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ (ট্রেইনিং) নিচ্ছেন। উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় অত্যন্ত স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই বেশ আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই অবিশ্বাস্য চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপভার্দে। অন্যদিকে, গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ও ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
কাগজে-কলমে আর্জেন্টিনা বহুগুণ এগিয়ে থাকলেও ফুটবল অনিশ্চয়তার খেলা। এখন দেখার বিষয়, কেপভার্দে আর্জেন্টিনার বিশ্বসেরা ডিফেন্স ভেঙে গোল করতে পারে কি না, আর পীরগাছার এই চিকিৎসকের ঘোষণা অনুযায়ী স্থানীয় রোগীরা আগামী এক বছর ফ্রি চিকিৎসার সুযোগ পান কি না!

