ফ্রি–কিক থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠলেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। হেডে বল জালেও পাঠিয়ে দিলেন তিনি। তবে উল্লাসের বদলে হতাশায় মুষড়ে পড়লেন মিশরের এই ডিফেন্ডার। কারণ গোলটি তিনি নিজের জালে করেছেন।
শুক্রবার (৩ জুলাই) ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেছেন হানি। আর এই গোলে একটি লজ্জার বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন মিশরের ৩০ বছর বয়সী ডিফেন্ডার।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল মিশর। এর পেছনে বড় দায় ছিল হানির। কারণ বেলজিয়ামের একমাত্র গোলটি ছিল মিশরের ডিফেন্ডারের করা আত্মঘাতী গোল।
অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজের জালে বল জড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে একাধিক আত্মঘাতী গোল করা প্রথম ফুটবলার হয়ে গেছেন হানি। তিনি ছাড়াও আরও ৬৫ জন বিশ্বকাপে আত্মঘাতী গোল করেছেন তবে কেউই একটির বেশি নয়।

