কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিশ্বকাপের রাউন্ড অব ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে তাদের সামনে নতুন চ্যালেঞ্জ— আফ্রিকার প্রতিনিধি মিসর।
শনিবার (৪ জুলাই) সকালে মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এর আগে রাউন্ড অব ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর।
ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।
দুই দলের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুলাই (মঙ্গলবার)। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে রাউন্ড অব ষোলোর এই লড়াই।

