সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ঘটনাটি ওইদিন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে ঘটে।
তিনি বলেন, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষক রুহুল আমিনকে তার কক্ষে বসে আবোলতাবোল বকছেন। ভিডিওতে তাকে মদ্যপানের কথা স্বীকার করতেও শোনা যায়। একপর্যায়ে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন।
পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।
এক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে মদ্যপান করেন। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।’
ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার দুপুরে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। তখন তার মাথা ঠিক ছিল না। ওই অবস্থায় কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই।
বিদ্যালয়ে ওই অবস্থায় যাওয়াটা তার ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, প্রধান শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

