চকবাজারের আশিক টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৪:৪২

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে বহুতল এই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, আনুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে। আরও ৪ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যেন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইত্তেফাক/এনএন