ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:৫১

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডরবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এরশাদ আলী (৪০) নামে এক অটোরিকশা যাত্রী আহতের খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তিস্তা এলাকা থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শিঙ্গেরডাবরি মণ্ডলের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে অংশ নেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। প্রথমিকভাবে একজন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি