হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময় হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৪ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৫২৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ২১৮ জন।

 
ইত্তেফাক/এসজে