বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১:০০

বগুড়ার নন্দীগ্রামে গরুবোঝাই ভটভটি ও একটি বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইকেল চালক শফিকুল ইসলাম সফি (৭০) এবং ভটভটি চালক আকতারুল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটিতে থাকা আরও চারজন গরু ব্যবসায়ী আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল চালক শফিকুল ইসলাম সফি কাহালু উপজেলার কুরশুন গ্রামের বাসিন্দা এবং ভটভটি চালক আকতারুল নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুন পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুহাট থেকে গরু কিনে ভটভটিতে বোঝাই করে সিংড়ার উদ্দেশ্যে রওনা হয় কয়েকজন গরু ব্যবসায়ী। পথে গাড়িটি ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি বাই সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক শফিকুল ইসলাম সাফি ও ভটভটি চালক আকতারুল নিহত হন এবং গাড়িতে থাকা চারজন গরু ব্যবসায়ী আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ভটভটি ও বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইকেল চালক শফিকুল ইসলাম এবং ভটভটি চালক আকতারুল ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় চারজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

ইত্তেফাক/এপি