ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১:৪৪

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ড দল এক কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত মেক্সিকো সিটি এখন টুখেলের দলের জন্য এক বিরাট উদ্বেগের কারণ। কারণ, প্রতিকূল এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় তারা পায়নি।

উচ্চতায় খেলে অভ্যস্ত মেক্সিকানদের জন্য এই ভৌগোলিক অবস্থানকে একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। যেখানে ইংলিশদের জন্য এটি শারীরিক ও মানসিক পরীক্ষা। এই চ্যালেঞ্জের মুখে হ্যারি কেইনদের ভায়াগ্ৰা খাওয়ানো হতে পারে। টমাস টুখেলের দলকে এর অনুমতিও দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’।

সোমবারের ম্যাচটির আগে পর্তুগালের স্পোর্টস পত্রিকা ‘আ বোলা’-র সংবাদে বলা হয়েছে, উচ্চতার জন্য ইংল্যান্ডের ফুটবলারদের যাতে সমস্যায় পড়তে না হয়, তাই ভায়াগ্ৰা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা।

মূলত সিলডেনাফিল সমৃদ্ধ এই ওষুধটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ উপাদানের তালিকায় নেই। ফলে এর ব্যবহারে কোনো নিয়ম ভঙ্গ হবে না। চিকিৎসাবিজ্ঞানের যুক্তি অনুযায়ী, সিলডেনাফিল রক্তনালীকে, বিশেষ করে ফুসফুসের রক্ত সঞ্চালনকে শিথিল করতে সাহায্য করে, যা উচ্চতাজনিত ফুসফুসের চাপ কমাতে পারে এবং উচ্চতায় শারীরিক কসরতের সময় শরীরে অক্সিজেন সরবরাহ বাড়াতে পারে।

ফুটবলের প্রেক্ষাপটে এর অর্থ হলো-ইংলিশ খেলোয়াড়রা আরও ভালোভাবে শ্বাস নিতে পারবেন এবং তাদের শারীরিক ক্লান্তি আরও কার্যকরভাবে সামাল দিতে পারবেন। যদিও ধারণাটি কৌতুকের মতো শোনাচ্ছে, তবে এটি আজতেকা স্টেডিয়ামের চ্যালেঞ্জ নিয়ে ইংলিশ শিবিরের উদ্বেগের গভীরতাকেই ফুটিয়ে তোলে।

ইংলিশ দলের উদ্বেগ অবশ্য শুধু উচ্চতাতেই সীমাবদ্ধ ছিল না। তাদের হোটেলের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেক্সিকো সিটিতে পৌঁছায় তারা। অথচ বিশৃঙ্খলা এড়াতে এবং গোপনীয়তা বজায় রাখতে ইংলিশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল।

পরিস্থিতি নিয়ে টুখেল রসিকতা করে বলেন, ‘আমরা কানের প্লাগ ব্যবহার করব।’ মেক্সিকান সমর্থকরা যে দলের বিশ্রামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে, সে বিষয়ে তিনি সচেতন ছিলেন।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এসএইচ