এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০০:২৭

ফুটবল বিশ্বকাপে আত্মঘাতি গোলের নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে চলমান আসর। চলতি বিশ্বকাপে ৩২ রাউন্ডের খেলা শেষে এখন পর্যন্ত মোট ৮৮ ম্যাচে ১৪টি আত্মঘাতি গোল হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আত্মঘাতি গোলের রেকর্ড।

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ আত্মঘাতি গোল হয়েছে ২০১৮ সালের আসরে, ১২টি। আট বছর আগের রেকর্ডটি ভেঙ্গে গেলো ২০২৬ বিশ্বকাপে।

শুক্রবার (৩ জুন) দিবাগত রাতে ডালাসে শেষ ৩২ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করেন মিশরের মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে ১৩তম আত্মঘাতী গোলদাতা হিসেবে নাম তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন হানি। তার গোলে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের ক্ষেত্রে ২০১৮ সালের রেকর্ড ভেঙ্গে যায়।

এরপর মায়ামিতে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচেও আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১১ মিনিটে আত্মঘাতী গোল করেন কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস। ঐ গোলেই ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬তে উঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে দু’বারই ১০ বা তার বেশি আত্মঘাতি গোল হয়েছে। ২০১৮ সালের পর হলো এবারের আসরে। এছাড়া বাকী ২১ আসরের কোনটিতেই আত্মঘাতি গোলের সংখ্যা দুই অংক স্পর্শ করেনি। এছাড়া ১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ সালের বিশ্বকাপে কোন আত্মঘাতি গোল হয়নি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতি গোল হয় ১৯৩০ সালের আসরে। গ্রুপ পর্বের ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে আত্মঘাতি গোল করেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস।

ইত্তেফাক/জেডএইচ