কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে স্বাগতিক কানাডার বিপক্ষে মাঠে নেমেছে মরক্কো। একাধিক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পরই লিড নিয়েছে মরক্কো।
ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চেয়েছিল মরক্কো। তবে পাঁচ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা।
ম্যাচের ১১ মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুল থেকে ম্যাচের সেরা সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেইয়ের নিচু শট পা বাড়িয়ে অসাধারণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।
দুই দলই বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

